করোনা সুরক্ষা সামগ্রী বর্জ্য

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫৭

ভ্যাক্সিন আসার আগে করোনা থেকে বাঁচতে মানুষের একমাত্র ভরসা মাস্ক-গ্ল­াভসসহ নানা ধরনের সুরক্ষা সামগ্রী। কিন্তু ইদানীং এই সুরক্ষা সামগ্রী হয়ে উঠতে পারে করোনাভাইরাস ছড়ানোর অন্যতম একটি মাধ্যম। উদ্বেগের বিষয়—গলিপথ, সড়ক, ড্রেন, ফুটপাত, খেলার মাঠসহ সব জায়গায় পড়ে থাকতে দেখা যায় এইসব করোনা বর্জ্য। একশ্রেণির অসচেতন মানুষ মাস্ক-গ্ল­াভস ইত্যাদি ব্যবহারের পরে তা যত্রতত্র ফেলে দিচ্ছে। এসব সামগ্রী ব্যবহারের পর কিভাবে ফেলা উচিত তার নির্দেশনা থাকলেও সিংহভাগ মানুষই তা মানছে না। ফলে ফেলে দেওয়া এসব সামগ্রী এখন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। সড়কে সবচেয়ে বেশি পড়ে থাকতে দেখা যায় সার্জিক্যাল মাস্ক। যত্রতত্র ফেলা এসব মাস্ক হতে পারে নানাবিধ রোগের কারণ। মাস্কে মানুষের হাঁচি, কাশি থাকে—ফলে ব্যবহূত এসব ফেলনা মাস্ক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। শুধু তাই নয়, শহরের অনেক জায়গায় বর্জ্য হিসেবে এসব পুড়িয়ে ফেলা হচ্ছে; ফলে তৈরি হচ্ছে বিষাক্ত  গ্যাস যা পরিবেশকে দূষণ করছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় করোনা সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনের বিশেষ পদক্ষেপ আশা করছি।

আরিফুল ইসলাম

শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ,

চট্টগ্রাম বন্দর কলেজ