ভারতের রাজনীতিতে ফের কুকথা। এবার বক্তা উত্তরপ্রদেশের বিজেপির নারী বিধায়ক সাধনা সিংহ। নিশানায় বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। ‘মায়াবতী নারী না পুরুষ সেটা বোঝা মুশকিল, নারী জাতির কলঙ্ক, ক্ষমতার জন্য সম্মান-সম্ভ্রম সব বিকিয়ে দিয়েছেন’-এমন মন্তব্য করেছেন সাধনা। খবর আনন্দবাজার পত্রিকার
বিএসপি-এসপি উভয়পক্ষই বলেছেন, জোটে ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে বিজেপি। সরব হয়েছে কংগ্রেসও। একজন মহিলা হয়ে অন্য মহিলাকে আক্রমণে যে কদর্য ভাষা ব্যবহার করেছেন সাধনা, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে। শনিবার উত্তরপ্রদেশে একটি জনসভায় যোগ দেন বিজেপির মুঘলসরাইয়ের বিধায়ক সাধনা সিংহ। সেই জনসভাতেই তিনি বলেন, উনি (মায়াবতী) নারী নাকি পুরুষ বোঝা যায় না। কোনো আত্মসম্মান নেই। তাকে কার্যত শ্লীলতাহানি করা হয়েছিল। ইতিহাসে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। দ্রৌপদী প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আর এই নারী (মায়াবতী) সবকিছু খুইয়েছেন। কিন্তু এখনো ক্ষমতার জন্য আত্মমর্যাদা বিক্রি করে চলেছেন। সাধনা সিংহ যখন এই কটূ মন্তব্যের ঝড় তুলেছেন, সামনের জনতা এবং মঞ্চে থাকা নেতা-নেত্রীরা করতালিতে ফেটে পড়েন।
