ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার গতকাল শনিবার ‘শেখ হাসিনা :অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক দুই মাসব্যাপী চলমান শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন করেন। বাংলাদেশে ইতিহাসকে এগিয়ে নিতে শিল্পীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মিলার বলেন, উদ্যাপনের এটাই সঠিক সময় বলে আমার মনে হয়।
কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান, ইন্ডিপেডেন্টি ইউনিভার্সিটির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক, কসমস ফাউন্ডেশনের অনারারি অ্যাডভাইজার এমিরিটাস ও সাবেক কূটনীতিক তারিক আহমদ করিম এবং সংবাদ সংস্থা এপির ব্যুরো চিফ জুলহাস আলম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মাসুদ জামিল বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সত্যিকারের পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আমরা দীর্ঘস্থায়ী এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে দেখে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্যালারি কসমস সম্প্রতি কসমস আতেলিয়ার ৭১-এর সঙ্গে যৌথভাবে কসমস ফাউন্ডেশনের সহায়তায় বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে জানিয়ে তিনি বলেন, শিল্প প্রতিদিনকার বেঁচে থাকার জন্য অপরিহার্য না-ও হতে পারে, তবে সমাজ ও সংস্কৃতির টিকে থাকার জন্য দীর্ঘ মেয়াদে এটি আবশ্যক। গত বছরের ১৫ ডিসেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন।
কসমস সেন্টারে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি অব্যাহত থাকবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে একসঙ্গে মাত্র ২০ জন দর্শনার্থী পরিদর্শনের সুযোগ পাবেন। পরিদর্শনের সময় দর্শনার্থীদের সব সময় মাস্ক পরে থাকা এবং পরস্পর থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এ শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।
