তেজগাঁওয়ে গ্যাস ওয়ার্কশপে গাড়িতে আগুন, দগ্ধ ৭

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে একটি গ্যাস ওয়ার্কশপে লাগা আগুনে সাত জন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে লিংক রোড শান্তা টাওয়ারের পাশে নেপোলিস্ট এলপিজি গ্যাস ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ সাত জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রাথমিক চিকিত্সা শেষে চার জনকে ছেড়ে দেওয়া হয়। আর তিন জনকে ভর্তি রাখা হয়েছে। তবে ভর্তি তিন জনের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা। দগ্ধরা হলেন ওয়ার্কশপের জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল, কর্মচারী জুয়েল, রবিউল ইসলাম, সুনাম, প্রাইভেটকার চালক আলী আকবর, হায়দার আলী ও রুবেল হাওলাদার। এদের মধ্যে আলী আকবর ২০ শতাংশ, রবিউল ১৪ শতাংশ, জুয়েল ১৮ এবং রুবেল ১৪ শতাংশ দগ্ধ হয়েছেন।

ওয়ার্কশপের ম্যানেজার হাবিবুর রহমান জানান, গতকাল দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারের কাজ করছিল কর্মচারীরা। আশপাশে আরো কিছু গাড়ির কাজ চলছিল। তখন একটি প্রাইভেটকারের ভিতরে পেপার ও পলিথিনে আগুন লেগে যায়। মুহূর্তে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশপাশে থাকা কর্মচারীসহ অন্য ড্রাইভাররা দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল বলেন, গাড়ির ইঞ্জিন গরম থাকায় গ্যাসের কাজ করতে গেলে আগুন ধরে যায়। কোনো বিস্ফোরণের ঘটনা না ঘটলেও, গাড়ির কিছু অংশ পুড়ে যায়। সিলিন্ডারে লিকেজ থাকায় গ্যাস বের হয়ে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও কাজ করছে। তদন্ত শেষে কারো গাফিলতি পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়।