বিশ্ববিদ্যালয় রিপোর্টার
সামরিক স্বৈরাচারবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র-আন্দোলনের পটভূমিতে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আত্মপ্রকাশ করেছিল। প্রতিষ্ঠার মাত্র ৩৬ বছরে তিনবার ভাঙন দেখা দেয় দলটিতে। সর্বশেষ গতকাল শনিবার দলটি বিভক্ত হওয়ার নতুন খবর দেয় নতুন অংশে থাকা নেতৃবৃন্দ। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নামে এ ধারার আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফ্রন্টের নতুন অংশের নাম ঘোষণা করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) আহ্বায়ক তাজ নাহার রিপন নতুন সংগঠনের নাম ঘোষণা করেন। এসময় তিনি ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটিও ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি আরিফ মঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক উজ্জল বিশ্বাস। সম্মেলনে তিনটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো—স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল-হোস্টেল খুলে দেওয়াসহ রাষ্ট্রীয় দায়িত্বে শিক্ষার্থীদের করোনাকালীন বেতন-ফি মওকুফ করা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ মতপ্রকাশের কারণে হয়রানি-নিপীড়ন বন্ধ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও হল-হোস্টেলে একক দখলদারিত্বের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলন শেষে সংগঠনটির নেতৃবৃন্দ ক্যাম্পাসে একটি মিছিল বের করেন। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় এসে শেষ হয়।
