ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:২০

ঢাকায় প্রতিকৃতিতে বিভিন্ন

দলের ফুল দিয়ে শ্রদ্ধা

ইত্তেফাক রিপোর্ট

আজ ১৭ জানুয়ারি ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী। অমল সেন ব্রিটিশ ভারতে ১৯১৪ সালে বর্তমানের নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৩ সালে খুলনার বিএল কলেজে রসায়ন শাস্ত্রে পড়া অবস্থায় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবং ঐ বছরই এই অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। নিজের পিতার জমিদারির বিরুদ্ধে কৃষক আন্দোলন তাকে আরো পরিচিত করে তোলে।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার ঢাকায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন দল। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে শ্রদ্ধা জানান পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, কামরূল আহসান প্রমুখ। এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, সিপিবির সহকারী-সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা সুলতান আহমেদ বিশ্বাস প্রমুখ।