পৌর ভোটের দ্বিতীয় ধাপে বিক্ষিপ্ত সংঘর্ষ-সহিংসতা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:২০

বিক্ষিপ্ত সংঘর্ষ, সহিংসতা এবং ভোট বর্জনের মধ্যদিয়ে গতকাল শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভার ভোট। সিরাজগঞ্জে নির্বাচিত এক কাউন্সিলর নিহত হয়েছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩১টিতে ব্যালটে ভোট সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, বোয়ালমারী পৌরসভার একটি কেন্দ্রে ১২টার পরে কিছু দুষ্কৃতকারী হঠাত্ করে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করেছে, বাক্স ভেঙে ফেলেছে। ব্যালট পেপার নিতে না পারলেও প্রিজাইডিং অফিসার ঐ কেন্দ্রের ভোট স্থগিত করেছেন। কিশোরগঞ্জে ব্যালটবাক্স ছিনতাই হয়েছিল। প্রিজাইডিং অফিসার সেটিও বন্ধ ঘোষণা করেছেন। অন্যান্য জায়গায় কোনো সহিংসতা হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে।

ইত্তেফাকের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে অনেক কেন্দ্রে তীব্র শীত উপেক্ষা করে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। তবে বেলা ১১টার পর কোথাও কোথাও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, মারধর, বিএনপির চিহ্নিত ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আসতে থাকে।

সবচেয়ে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভায় শান্তিপূর্ণভোট হয়েছে। সেখানকার ভোট নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নৌকার মেয়র পদপ্রার্থী আবদুল কাদের ধারাবাহিক অভিযোগ করলেও গতকাল ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সিরাজগঞ্জে বিএনপি সমর্থিত কাউন্সিলর খুন : সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) খুন হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।

ওসি জানান, নির্বাচনের পর তিনি নিজ বাড়িতেই ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর পর উত্তেজিত জনতা সালাম নামে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

দাগনভূঞায় ককটেল বস্ফািরণ আহত ৪ গুলিবিদ্ধ ১ : ফেনী দাগনভূঞা পৌর নির্বাচনে বোমা বিস্ফোরণ ও সহিংসতায় আহত ৪ গুলিবিদ্ধ হয়েছেন ১ জন। গুলিবিদ্ধ শাহীনকে ফেনী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সালাউদ্দিন রুবেলের (উট পাখি) ছয় জন এজেন্টকে গনিপুর কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ সময় বিদ্রোহী প্রার্থী জিয়াউল হকের সমর্থকরা সহিংস ঘটনা ঘটায়। তারা একটি বড় ককটেল বস্ফািরণ করে ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। ঘটনার পরপর পুলিশ, র?্যাব ও বিজিবি দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কুলাউড়ায় দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র দখল করায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ভোটগ্রহণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জাল ভোট দেওয়ার অপরাধে পৌরসদরের ৩ নম্বর রাবেয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে আজিজুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার উত্তর সাদিপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। ৫ নম্বর কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ১ ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত ছিল। ঐ সময় বিএনপির মেয়র প্রার্থী কামাল আহমদ জুনেদ আহত হন। নির্বাচনের সময়সীমা শেষ হবার পর ২ নম্বর শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ কাউন্সিলার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কুপিয়ে জখম ১ :কুমিল্লা চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছে। এদের মধ্যে এক জনকে কুপিয়ে জখম করা হয়। শনিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে ভোট শুরু হওয়ার আগেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গাইবান্ধায় সন্ধ্যায় পুলিশের ওপর হামলা :গাইবান্ধায় সন্ধ্যায় পূর্ব কোমরনই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট ও সরঞ্জাম নিয়ে ফেরত আসার মুহূর্তে পুলিশের ওপর হামলা চালিয়েছে মেয়র পদে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ সময় তারা পুলিশের একটি গাড়ি আগুন লাগিয়ে দিয়ে ম্যাজিস্ট্রেট ও র্যাবের আরো চারটি গাড়ি ভাঙচুর করে।

কুষ্টিয়ায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক :কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে এসে আটক হয়েছে দুই কিশোর। জাল স্মার্টকার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা আটক হয়। আটকরা হলো—তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে সজল (১৬)।

নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ৭ নম্বর ওয়ার্ডের নজিপুর সরকারি কলেজ ও ৩ নম্বর ওয়ার্ডের নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভোটাররা অভিযোগ করেন ইভিএমে আঙ্গুলের ছাপ দিয়ে যন্ত্রটি খোলার পর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন।

ভোট বর্জন : মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীসহ মোট ১২ জন কাউন্সিলর প্রার্থী অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জনকারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জামায়াত সমর্থিত দুই জনসহ মোট ৯ জন রয়েছেন। এছাড়া তিন জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দেন।

পাবনার ঈশ্বরদীতে ‘ঘাড়ধাক্কা’ খাওয়ার পর ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম। বেলা দেড়টার দিকে পৌরসভার পূর্ব টেংরি এলাকায় নিজ বাড়ি থেকে তিনি এই ঘোষণা দেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিল্লাত। বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। প্রায় প্রতিটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, মারধর ও তার সঙ্গে অসদাচরণের অভিযোগ করেন তিনি। ভোট দিতে বাধা, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপির দলীয় প্রার্থী আবদুর রাজ্জাক ভোট বর্জন করেন। বেলা সোয়া ১১টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান। গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহ আলমকে আটক করে থানায় নেওয়া হয়। বেলা ২টায় তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জে পাঁচটি পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হলেও সকাল ১০টায় ভোটে অনিয়মের অভিযোগে উল্লাপাড়াতে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী আজাদ হোসেন। সিরাজগঞ্জ সদরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সবগুলো কেন্দ্রের ভিতরে বুথের বাইরে মেয়র পদে প্রকাশে নৌকায় সিল দিয়ে ভোট নেওয়ার অভিযোগ করেন বিএনপি প্রার্থী সাইদুর রহমান বাচ্চু।