আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র নির্বাচিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:৪৪

বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ১ হাজার ৭৩৮ ভোট, তার নিকটতম বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন মাত্র ১ হাজার ৭৭৮ ভোট, এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট। নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পড়েছে।  কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।

এর আগে নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম নির্বাচন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণভাবে ও সুন্দর পরিবেশে হচ্ছে। নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, নির্বাচনে নারীর অংশগ্রহণ ছিল বেশি।

জয়ের প্রতিক্রিয়ায় মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এ জয় বঙ্গবন্ধুর জয়, এ জয় শেখ হাসিনার জয়, এ জয় ওবায়দুল কাদেরের জয়, এ জয় বসুরহাট পৌরবাসীর জয়। আমি এ জয় দলের নেতাকর্মীদের উত্সর্গ করে দিলাম। তিনি বলেন, আমি আমার জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে পৌরবাসীকে যে ওয়াদা দিয়েছি তা পূরণ করব। আমি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞ, এজন্য যে উনারা একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। আমি আবারও বলছি, যদি শেখ হাসিনা বাংলাদেশের সঠিক নেতৃত্ব সৃষ্টি করতে পারেন, তাহলে আগামী নির্বাচনে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব।