চার দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:৪৫

অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর ১ নম্বর সিএন্ডবি পোল এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় তারা দাবিসংবলিত নানা প্ল্যাকার্ড প্রদর্শন এবং স্লোগান দেন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার করায় পুলিশ।

শিক্ষাজীবন থেকে এক বছর পিছিয়েপড়া থেকে উত্তোরণ, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেওয়া, সব অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে মহাসড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধের ফলে নগরীর দপদপিয়া সেতু থেকে কাশীপুর বিভাগীয় কমিশনার কার্যালয় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক এবং লাগোয়া শাখা সড়কগুলোতে স্থবিরতার সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে শিক্ষার্থীদের দাবি পৌঁছে দিয়ে সমস্যা সমাধনের আশ্বাস দেওয়ায় দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১২টায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর ১টার দিকে পুলিশের সহায়তায় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জেলা প্রশাসককে অবহিত করেন।