নিয়ামতপুরে পোলট্রি খামারে সহস্রাধিক মুরগি মারা যাওয়ায় আতঙ্কিত খামারিরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:৪৬

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ব্রয়লার মুরগির খামারে এক খামারির হাজারখানেক মুরগি মারা গেছে। হঠাত্ করে গত কয়েক দিনে খামারের অর্ধেক মুরগি মারা গেলেও এর কারণ উদ্ঘাটন করতে পারেনি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা। এদিকে রোগ নির্ণয় করতে না পারায় খামারে মুরগির মৃত্যু থামানো যাচ্ছে না। হঠাত্ করে মুরগির মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্য খামারিরাও।  উপজেলার সদর ইউপির গলাইকুড়া গ্রামের খামারি মিজানুর রহমান খোকন জানান, ২০০৭ সালে ৩০০ ব্রয়লার মুরগি নিয়ে খামার শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে মুরগির সংখ্যা প্রায় ২ হাজার। চলতি মাসে গত কয়েক দিনে তার প্রায় ১ হাজার মুরগি মারা গেছে। পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে। খোকন বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি বিষয়টি সরেজমিনে তদন্ত করে এই পোলট্রি সেক্টরকে বাঁচান, আমাদের বাঁচান।