বরিশালে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর অর্থের দিকে তাকাননি। প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমাদের ভ্যাকসিন দরকার, জনগণকে বাঁচাতে হবে। তার দিকনির্দেশনার কারণে প্রথম পর্যায়েই ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহ অখুশী হবেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে ভয়ের কিছু নেই। এ নিয়ে গণমাধ্যমকে নেগেটিভ রিপোর্ট না করে পজিটিভ রিপোর্ট করার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসক বলেন, প্রথম ধাপে বরিশাল জেলার জন্য ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সিভিল সার্জন কার্যালয়ে ৬ লাখ ভ্যাকসিন এবং উপজেলা পর্যায়ে ১ থেকে ২ লাখ ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে। একই সঙ্গে ভ্যাকসিন প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। সভায় জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
