ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার বিনম্র শ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মাজেদা বেগমের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে স্মরণসভা, মিলাদ মাহফিল এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, ম্যানেজিং কমিটির সদস্য, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, শিক্ষক আবুয়াল হোসেন, প্রবীর কুমার হাওলাদার, মো. এমরান জোমাদ্দার প্রমুখ। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী আকন।
এদিকে পৃথকভাবে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে স্থানীয় দক্ষিণ ভাণ্ডারিয়া হাফেজিয়া এতিম খানার দশ জন এতিম দ্বিন এবং ছয় জন হাফেজ দ্বারা তিন দিনব্যাপী কোরআন খতম শেষে গতকাল শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে নারী জাগরণের পথিকৃত্ রত্নগর্ভা মহীয়সী মাজেদা বেগমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনাসভা, মিলাদ মাহফিল, হামদ, নাথ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, আবদুল হালিম হাওলাদার, মুরাদ হোসেন প্রমুখ। পরে মরহমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইমরান হোসেন।
অন্যদিকে উপজেলা জাতীয় পার্টি-জেপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুর পাড়ে জেপির উপজেলা দলীয় কার্যালয়ে গতকাল বাদ মাগরিব আলোচনাসভা এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। রাতে পৌরশহরের ওভারব্রিজসংলগ্ন অফিসে মো. ছিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানীতে জেপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা জাতীয় পার্টি-জেপির আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মহীয়সী মাজেদা বেগমের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি-জেপি কার্যালয়ে দলের যুগ্ম আহ্বায়ক কাওছার উদ্দিন আহমেদ দুলালের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. শাহীন হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম সদস্যসচিব মহসিন হাওলাদার মধু, উপজেলা মহিলা জাতীয় পার্টি জেপির সভানেত্রী সুলতানা রাজিয়া রানী প্রমুখ। আলোচনা শেষে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তার সহধর্মিণী মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া দোয়ায় দৈনিক ইত্তেফাক পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
