আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটারগণ। বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীও যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে অন্ধকারে ঢিল না ছুড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের প্রার্থীর কথা অনুধাবন করার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার বিকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন-পরবর্তী তাত্ক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উত্সব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে, তার জবাব দিয়েছে জণগণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটারদের এবং নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানান। নির্বাচনে জয় পরাজয় থাকবে, তবুও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব প্রার্থীকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ ইভিএম এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই প্রমাণ করে। ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জণগণ ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এখনো ‘এনালগ’ রয়ে গেছে। তাই তারা এ পদ্ধতির বিরোধিতা করে।
দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস অবিরাম চালিয়ে যাচ্ছে বিএনপি, তা আর হালে পানি পাচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ এখন আর বিএনপি নেতাদের মিথ্যাচারে বিশ্বাস করে না। বসুরহাটে যে নির্বাচন হয়েছে, এমন নির্বাচনই চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনকে অনেকেই স্বচ্ছতার জন্য ‘বসুরহাট মডেল’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বিএনপি ভোটে হারার আগেই হেরে বসে থাকে, তারা রাজপথ ভয় পায়, আন্দোলনেও ভয় পায়। তিনি বলেন, ‘আমরা আদর্শের রাজনীতি করি। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে রাজনীতি করে আওয়ামী লীগ। তাই পরিবারের কে কোথায় কি বলল, সেটা বিষয় নয়। প্রত্যেকের ব্যক্তিগত অপিনিয়ন থাকতে পারে।’ ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ রয়েছে আওয়ামী পরিবারে, আবার গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য শাস্তির বিধানও যথাযথভাবে কার্যকর করা হয়, যা বিএনপির রাজনৈতিক চর্চায় নেই।
