মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে যুক্তরাষ্ট্র জুড়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আগে প্রতিটি অঙ্গরাজ্যের রাজধানীতে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন স্পট, প্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সব যানবাহনে তল্লাশি চালানোর জন্য চেকপয়েন্ট বসানো হয়েছে। শপথ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর :সিএনএন ও বিবিসির।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সব সময় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যেখানে মার্কিন সিক্রেট সার্ভিসের বড় দায়িত্ব থাকে। কিন্তু এবার নিরাপত্তা নিয়ে বাড়তি তত্পরতা রয়েছে। কারণ গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলা করে ট্রাম্প সমর্থক ও কট্টর ডানপন্থিরা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করে বলেছে, ট্রাম্প সমর্থকরা বাইডেনের শপথের আগে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করতে পারে।
পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, তারা ন্যাশনাল মল এবং ওয়াশিংটনের আইকনিক ল্যান্ডমার্কগুলো শিগিগরই পর্যটকদের জন্য বন্ধ করে দিচ্ছে। এগুলো অন্তত ২১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এর মধ্যে লিঙ্কন মোমেরিয়াল এবং ওয়াশিংটন মনুমেন্ট রয়েছে। হোয়াইট হাউজের আশপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের প্রধান ম্যার্থ মিলার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ব যে বিশৃঙ্খলা গত সপ্তাহে দেখেছে আমরা তা আবার হতে দেব না। রাজধানীর সঙ্গে সীমান্ত আছে এমন রাজ্যগুলোতে শপথ অনুষ্ঠান ঘিরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল ব্রাউজার বলেছেন, অভিষেক অনুষ্ঠানের পরদিন পর্যন্ত কঠোর নিরাপত্তা পদক্ষেপ থাকবে।
এদিকে ৫০ অঙ্গরাজ্যের রাজধানীতে নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক রাজ্যে ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে মিশিগান, ভার্জিনিয়া, উইসকন্সিন এবং ওয়াশিংটন অন্যতম। টেক্সাস তাদের ক্যাপিটল শনিবার থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মিশিগানে ক্যাপিটল ভবনের চারপাশে বেড়া নির্মাণ করেছে। ইন্টারনেটে ট্রাম্প সমর্থক ও কট্টরপন্থিদের প্রচারণায় নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কমলা হ্যারিসকে ফোন
মাইক পেন্সের
জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, তিনি নিরাপদে শপথ অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। ইতিমধ্যে তিনি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কথা বলেছেন। গত বৃহস্পতিবার তাদের মধ্যে আন্তরিক পরিবেশে আলাপ হয়। মাইক পেন্স নতুন ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। তবে এখন পর্যন্ত বাইডেনের সঙ্গে সব ধরনের সৌজন্য দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
