সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) বিদ্রোহীদের অতর্কিত হামলায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এ সময় বুরুন্ডির এক শান্তিরক্ষী নিহত হন। মধ্য আফ্রিকায় নিয়োজিত জাতিসংঘ মিশনের (মিনুসকা) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রিমারিতে একটি অভিযানে গিয়েছিলেন বাংলাদেশ ও বুরুন্ডির শান্তিরক্ষীরা। এসময় তাদের ওপর পরপর দুইবার হামলা চালায় বিদ্রোহীরা। হামলায় প্রাণ হারান বুরুন্ডির এক শান্তিরক্ষী। আর আহত হন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য। আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের চিকিত্সা দেওয়া হচ্ছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বিদ্রোহীদেরকে হামলার ব্যাপারে সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে যুদ্ধাপরাধ হতে পারে। তিনি দুষ্কৃতিকারীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে মধ্য আফ্রিকায় অন্তত সাত জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
