অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে নেপাল সরকার। শুক্রবার নেপালের ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার ভ্যাকসিন প্রস্তুতকারকদের দ্রুত জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ঐ আবেদনে অন্তত তিনটি ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাড়া দেয়। এদের মধ্যে আছে—দুটি ভারতীয় প্রতিষ্ঠান এবং একটি চীনা প্রতিষ্ঠান। সেরাম ইনস্টিটিউটের আবেদন অনুমোদন দেওয়া হলেও হায়দ্রাবাদভিত্তিক ভারত বায়োটেক এবং বেইজিং ভিত্তিক সিনোফার্মের আবেদন পর্যালোচনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালি তিন দিনের সফরে ভারতে আছেন। নেপালে এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৮ জনের।
