মা-ছেলে হত্যা মামলার রায় আজ 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১০:১৮

রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলার রায় আজ। রবিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন। গত ১০ জানুয়ারি একই আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।

আসামিরা হলেন, আব্দুল করিম, স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও তার ভাই আল-আমিন ওরফে জনি।

গত ৯ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তিন আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করা হয়।

২০১৭ সালের ১ নভেম্বর রাজধানীর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৬ জুলাই ওই তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. আলী হোসেন। গত বছর ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ইত্তেফাক/কেকে