নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের মামালায় তদন্ত সংস্থা সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।
রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে এই মামলার ২২ আসামি আত্মসমর্পণ করলে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আসামিদের জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, ২২ আসামি আত্মসমর্পণের পর জামিন আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেককে এক মাসের জামিন মঞ্জুর করেছেন।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ সময় মুসল্লিদের মধ্যে ৩৮ জন দগ্ধসহ অর্ধশত ব্যক্তি আহত হন। দগ্ধদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়। এই বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদি হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে।
ইত্তেফাক/এনএ
