বিনোদন রিপোর্ট
চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনার পর পরিচালনার খাতায় নাম লেখাচ্ছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। ক’দিন আগে এমন ঘোষণা দেন তিনি। সেসময় রোজিনা বলেছিলেন নতুন নতুন চমক থাকছে ছবিটিতে। তার ছবিটির নায়কের নাম ঘোঘণা করা হলেও কে থাকছেন নায়িকা চরিত্রে সেই তথ্য এতদিন গোপন রেখেছিলেন তিনি। তবে এবার সেই বিষয়টিও খোলাসা করলেন। ছবিটিতে নিরবের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। বড়পর্দার নিয়মিত মুখ না হলেও ছোটপর্দায় বেশ গ্রহণযোগতা রয়েছে স্পর্শিয়ার। এরইমধ্যে কয়েকটি গল্প নির্ভর ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জানা গেছে, ছবিটির কেন্দ্রীয় নাসিমা নামের চরিত্রটির জন্য বেশ ক’জন নায়িকা রোজিনার পছন্দের তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত এ চরিত্রটির জন্য চূড়ান্ত করা হয়েছে স্পর্শিয়াকে। শনিবার রাতে উত্তরার নিজ বাসায় এক ঘরোয়া মিটিংয়ে নায়িকা চূড়ান্ত করেছেন রোজিনা। ‘ফিরে দেখা’ শিরোনামের এই ছবিটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এর গল্প তৈরি করা হয়েছে। আগামী ১ মার্চ থেকে নিজের নানাবাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে শুটিং শুরু হবে ছবিটির। এই গ্রামেরই একটি পরিবার ও রোজিনার ব্যক্তিগত স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘ফিরে দেখা’ ছবিটির কাহিনি। ছবিটিতে ইলিয়াস কাঞ্চন-রোজিনা ও নিরব-স্পর্শিয়া ছাড়া আরো অভিনয় করবেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে।
