প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত খেলার মাঠ উন্মুক্তের দাবিতে অবস্থান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

প্রতিবন্ধী ব্যক্তিদের বিনোদন এবং শরীরচর্চার সুযোগ তৈরিতে প্রধানমন্ত্রী সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের একটি খেলার মাঠের জন্য স্থান বরাদ্দ দেন। কিন্তু মাঠটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি। শুধু দৃশ্যমান একটি সাইনবোর্ড ছাড়া মাঠের কোথাও উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করে অতি দ্রুত মাঠটি সংস্কার ও উন্মুক্ত করার দাবি করেছে সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা। গতকাল রবিবার বরাদ্দকৃত মাঠের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি করা হয়।

ডিজঅ্যাবল ওয়েলফেয়ার সোসাইটি (ডিডাব্লিউএস), হিউম্যান রাইটস ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ), সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার (এসডিএসএল), সেন্টার ফর দ্য রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অব পারসন উইথ ডিজঅ্যাবিলিটি (সিআরডিডি), অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচি কণ্ঠ উচ্চ বিদ্যালয়, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ, কারফ্রি সিটি অ্যালায়েন্স এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেন্টার ফর দ্য রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অব পারসন উইথ ডিজঅ্যাবিলিটির (সিআরডিডি) সভাপতি জহিরুল ইসলাম, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এম এ মান্নান মনির, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর নিশাত আফরোজ, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাহাজ্জুত হোসেন, ইনস্টিটিউট অব ওয়েলবিইংয়ের পলিসি অফিসার আ ন ম মাছুম বিল্লাহ ভূঁঞা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মিঠুন প্রমুখ।