এক দশকে সাড়ে ১০ লাখ হেক্টর সেচ এলাকা সম্প্রসারণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

গত এক দশকে দেশে সাড়ে ১০ লাখ হেক্টর সেচ এলাকা সম্প্রসারিত হয়েছে। এতে সেচযোগ্য জমির ৭৩ শতাংশ সেচের আওতায় এসেছে। সব মিলিয়ে দেশে এখন ৫৬ দশমিক ২৭ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। গতকাল রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অডিটোরিয়ামে ‘ভূগর্ভস্থ পানি মনিটরিং ডিজিটালাইজেশন’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারে জানানো হয়, একই সময়ে খাল পুনঃখনন করা হয়েছে ৯ হাজার ৪৫৭ কিলোমিটার, সেচনালা স্থাপন করা হয়েছে ১৩ হাজার ৩৫১ কিলোমিটার এবং ১০টি রাবার ড্যাম ও একটি হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়েছে। ফলে সেচের দক্ষতা ৩৫ থেকে ৩৮ শতাংশ এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার ২১ থেকে ২৭ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম। বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, প্রকল্প পরিচালক মো. জাফর উল্লাহ ও বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. আরিফ বক্তব্য রাখেন। সেমিনারের আগে কৃষিমন্ত্রী সেচ ভবন কমপ্লেক্সে নবনির্মিত রেস্ট হাউজের উদ্বোধন করেন।