ফলের রাসায়নিক পরীক্ষায় এডিবির সহায়তায় ঢাকায় বসছে সেন্ট্রাল ল্যাবরেটরি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

ফলের রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় এডিবির আর্থিক সহায়তায় স্থাপিত হতে যাচ্ছে একটি সেন্ট্রাল কেমিক্যাল ল্যাবরেটরি। করোনাকালে ছয়/সাত মাস এডিবির টেকনিক্যাল টিমের যাতায়াত বন্ধ থাকায় এই প্রকল্পের ফিজ্যাবিলিটি টেস্টের কাজ বাধাগ্রস্ত হয়েছে। এখন আবার পুরোদমে কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে গঠিত কমিটি ডিপিপি প্রণয়নের কাজ করছে। ডিপিপি প্রণয়নের কাজ শেষ হলে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এমন তথ্যসংবলিত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এই প্রতিবেদনের ওপর শুনানি হবে। এছাড়া ৯টি কাস্টম স্টেশনে রাসায়নিক ল্যাবরেটরি স্থাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে এডিবি ও এনবিআর।

এদিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এনবিআরের প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

দেশের বিভিন্ন স্থল ও নৌবন্দরের মাধ্যমে রাসায়নিকযুক্ত ফল আমদানি রোধে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি দেশের সব স্থল ও নৌবন্দরে ছয় মাসের মধ্যে কেমিক্যাল টেস্ট ইউনিট স্থাপন এবং আমদানিকৃত সব ফলের কেমিক্যালমুক্ত নিশ্চিত হয়ে দেশে প্রবেশের ব্যবস্থা করার জন্য এনবিআরকে নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় হাইকোর্টের রায় বাস্তবায়নের বিষয়ে এনবিআর এ প্রতিবেদন দিয়েছে।