ধামরাইয়ে সাংবাদিক হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:০৭

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে গলা কেটে প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক জুলহাস উদ্দিনকে হত্যা মামলার আরেক আসামি আনিসুর রহমানকে শনিবার রাতে গ্রেফতার করেছে ধামরাই থানাপুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাকে গ্রেফতার করেন। দীর্ঘ চার মাস পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন আসামি আনিস। রবিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ মামলার প্রধান আসামি শাহীন ও তার খালাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

আনিসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহার করে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে দূরপাল্লার বাস কাউন্টারের সামনে থেকে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।