স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ জার্সি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:১৪

স্পোর্টস রিপোর্টার

মুজিববর্ষ উপলক্ষ্যে বিসিবির বিশেষ আয়োজন আলোর মুখ দেখেনি করোনা ভাইরাসের মহামারিতে। মুজিববর্ষ চলমান বলেই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ’। চলতি বছরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। সবমিলিয়ে উত্সবের সুযোগটা হাতছাড়া করছে না বিসিবিও।

তাই আসন্ন সিরিজে ‘বিশেষ জার্সি’ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে টাইগারদের জার্সিতে শোভা পাবে মুক্তিযোদ্ধাদের উল্লাস ও স্মৃতিসৌধ। দেশের পতাকার আবহে জার্সিতে থাকবে লাল-সুবজ রঙ। গতকাল এসব তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

বাংলাদেশ দলের বিশেষ জার্সি সম্পর্কে বিসিবির এই পরিচালক গতকাল বলেছেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এবং এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ্য যেহেতু আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদ্যাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।’

জার্সির নকশা নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে আকরাম খান বলেছেন, ‘জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতা উদ্যাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি।’ আগামী ২০ জানুয়ারি বিশেষ এই জার্সি গায়ে জড়িয়েই মাঠে নামবেন তামিম-সাকিবরা।

দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তি

২০২০ সালে মাত্র দুটি আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। নতুন বছরে তাই দুটি সিরিজ দেখার পরই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে বিসিবি। গতকাল আকরাম খান বলেছেন, ‘প্রতিবছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু এবছর যেহেতু আমরা ঐ ধরনের পারফরম্যান্স দেখতে পারছি না বিধায় যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপরে হয়ত আমরা সিদ্ধান্ত নিব।’