স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
অসামাজিক কার্যকলাপ ও মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুব সমাজকে বিরত রাখতে এবং তাদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে চট্টগ্রাম নগরীর মাদারবাড়ী এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব বেশ ভূমিকা ও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় ইতিমধ্যে শেষ হয়েছে এলাকার ক্রীড়া সংগঠক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর ইছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। টি-টেন ক্রিকেটের এই টুর্নামেন্টে শিরোপা লাভ করেছে হাটহাজারী উপজেলার আলোকন ক্লাব। গতকাল রবিবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১৩ রানে আগ্রাবাদ ওয়ারিয়র্স ক্লাবকে হারায়। হাটহাজারীর আলোকন ক্লাব টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ৯৪ রান জবাবে আগ্রাবাদ ক্লাব ৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮১ রান করতে সক্ষম হয়। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্মসম্পাদক নজরুল ইসলাম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মো. জোবায়ের বিশেষ অতিথি ছিলেন। এর আগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
