স্পোর্টস ডেস্ক
ওয়াশিংটন সুন্দর সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে। একটি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও ভারতীয় টেস্ট দলে শার্দূল ঠাকুরের ফের সুযোগ নিয়েই ছিল শঙ্কা। সময়ের পরিক্রমায় আজ তারাই ব্রিসবেন টেস্টে লড়াইয়ে রেখেছে ইনজুরি জর্জরিত ভারতকে। তৃতীয় দিন শেষে সফরকারীরা ৫৪ রানে পিছিয়ে থাকলেও তা খুব একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে সুন্দর-শার্দূলের আবির্ভাব বোলার হিসেবে। কিন্তু ব্যাট হাতেও কম যান না তারা। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর সেটারই সামর্থ্যের প্রমাণ দিলেন গতকাল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ৬ উইকেটে ১৮৬ রানে ধুঁকছিল ভারত। ২ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করেছিল তারা। অজিদের বড় লিড সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখনই দুর্দান্ত ব্যাটিংশৈলীর পরিচয় দেন সুন্দর-শার্দূল। ব্রিসবেনের গতিময় বাউন্সি পিচে খেলেন জেনুইন ব্যাটসম্যানের মতো। ১২৩ রানের জুটিতে দলীয় রান ৩০০ পার করেন তারা। বিরক্ত থাকা অজি বোলাররা দুজনকেই বন্দি করেন ষাটের ঘরে। কামিন্সের বলে শার্দূল ৬৭ ও স্টার্কের বলে ৬২ রানে ফেরেন সুন্দর। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরিজ যখন ফিরে যান ভারতের রান তখন ৩৩৬ । ৩৩ রানের লিড পেয়ে দিনের বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেয় অজিরা। কোনো উইকেট না হারিয়ে ২১ রানে দিন শেষ করেন ডেভিড ওয়ার্নার (২০) ও মার্কাস হ্যারিস (১)।
স্বাগতিক বোলারদের হতাশার দিনে উজ্জ্বল ছিলেন জশ হ্যাজলউড। ৫৭ রানে ক্যারিয়ারে নবমবারের মতো ৫ উইকেট শিকার করেন এই পেসার। এমন বোলিংয়ের পরও বড় লিড না পাওয়ায় আক্ষেপ করছেন হ্যাজলউড, ‘অবশ্যই কিছুটা হতাশা কাজ করছিল। ৬ উইকেট পাওয়ার পর আপনি দ্রুতই অলআউট করার আশায় থাকেন। কিন্তু সুন্দর-শার্দূল খুব ভালো ব্যাটিং করেছে। যে কারণে আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগেনি।’
সংক্ষিপ্ত স্কোর :অস্ট্রেলিয়া : ৩৬৯ ও ২১/০ (হ্যারিস ১*, ওয়ার্নার ২০*)। ভারত : ১১১.৪ ওভারে ৩৩৬ (পুজারা ২৫, রাহানে ৩৭, আগারওয়াল ৩৮, সুন্দর ৬২, শার্দূল ৬৭; স্টার্ক ৮৮-২, হ্যাজলউড ৫৭-৫, কামিন্স ৯৪-২)।
