চেলসির কষ্টার্জিত জয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:২৩

স্পোর্টস ডেস্ক

ম্যাসন মাউন্টের একমাত্র গোলে প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলে থাকা ফুলহামের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসি। ওদিকে লিগ ওয়ানে কোচ মউরিসিও পচেত্তিনোর অনুপস্থিতিতে অজেঁকে ১-০ গোলে হারিয়ে টেবিলে শীর্ষে উঠেছে পিএসজি।

আক্রমণভাগে প্রায় ১৭০ মিলিয়ন ইউরো খরচ করা ফ্র্যাংক ল্যাম্পার্ডকে এবার উদ্ধার করল তারই আবিষ্কৃত একাডেমি তারকা ম্যাসন মাউন্ট। ক্রেভান কটেজে প্রথমার্ধে ফুলহাম উইংব্যাক এন্তনি রবিনসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও লড়াই অব্যাহত রাখে স্কট পার্কারের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ম্যাসন মাউন্ট গোল করে বসলে শেষ পর্যন্ত কোনো পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয় কটেজারদের। ১০ জনের ফুলহামের বিপক্ষেও এরকম কষ্টার্জিত জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন না ম্যানেজার ল্যাম্পার্ডও। খেলোয়াড়দের দিকেই তাই আবারও তীর ছুঁড়লেন ল্যাম্পার্ড, ‘ব্যক্তিবিশেষের কাছ থেকে যেই সংখ্যাটা আশা করি সেটা দিতে পারছে না তারা।’ ওদিকে ম্যাচের আগে পচেত্তিনোর করোনাক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে আসলে আর ম্যাচ পরিচালনা করার জন্য মাঠে আসতে পারেননি সম্প্রতি পিএসজির দায়িত্ব নেওয়া এই আর্জেন্টাইন কোচ। তবে তার অনুপস্থিতিতেও ফুলব্যাক ল্যায়ভিন কুরযাওয়ার একমাত্র গোলে অজেঁকে হারিয়েছে পিএসজি। এই জয়ে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পচেত্তিনোর দল। তবে গতকাল দিবাগত রাতে মেটজের বিপক্ষে লিওঁ জিতে থাকলে আবার দুইয়ে নেমে গিয়েছে নেইমাররা।