শেষ দিনের অপেক্ষায় ইংল্যান্ড

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:২৩

স্পোর্টস ডেস্ক

চাইলে গতকালই ম্যাচ শেষ করতে পারত ইংল্যান্ড। ১৫ ওভারে ৭৪ রান খুব কঠিন কাজ নয়। কিন্তু শেষ বিকেলে তাড়াহুড়া না করেই হারাতে হয় ৩ উইকেট। তাই ঝুঁকি না নিয়ে ‘জয়ে’র জন্য শেষ দিনটাকেই বেছে নেয় তারা! গল টেস্টে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৩৮ রান। জয়ের জন্য শেষ দিনে আরো ৩৬ রান করতে হবে জো রুটের দলকে।

২ উইকেটে ১৫২ রানে দিন শুরু করা লঙ্কানরা গতকাল থামে ৩৫৯ রানে। লাহিরু থিরিমান্নের দ্বিতীয় সেঞ্চুরি (১১১) ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৭১) ফিফটির সৌজন্যে ৭৩ রানের লিড পায় তারা। ১২২ রানে ৫ উইকেট নিয়ে লিড না বাড়ানোর কাজটি করেন জ্যাক লিচ।

অল্প লক্ষ্যে  ব্যাট করতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। হেলে পড়া সূর্যের আলোয় দুই ওপেনার জ্যাক ক্রলি (৮) ও ডম সিবলিকে (২) তুলে নেন স্পিনার লাসিথ অ্যাম্বুলদেনিয়া। কিছু বুঝে ওঠার আগেই রান আউটে কাটা পড়েন আগের ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক জো রুট (১)। তবে অভিষিক্ত ড্যান লরেন্সকে (৭) নিয়ে উইকেট ধরে রেখেছেন জনি বেয়ারস্টো (১১)।