শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম-২০২১ শুরু হয়েছে। বুড়িগোয়ালিনি রেঞ্জ স্টেশন অফিস থেকে বাওয়ালিদের সুন্দরবনে প্রবেশের মধ্য দিয়ে গোলপাতা আহরণ মৌসুম শুরু হয়। চলতি বছর সাতক্ষীরা রেঞ্জের একটি কূপ থেকে আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত বাওয়ালিরা সুন্দরবনে নির্ধারিত এলাকা থেকে গোলপাতা আহরণ করবেন। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান জানান, সাতক্ষীরা রেঞ্জে গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার কুইন্টাল (১ লাখ ২৩ হাজার ২৮০ মণ)। প্রতি কুইন্টালের জন্য ২৮.৭৫ টাকা রাজস্ব ধরা হয়েছে। একটি নৌকায় সর্বোচ্চ ১৮৫ কুইন্টাল (৫০০ মণ) গোলপাতা বহন করা যাবে।
