সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:৩০

 

ফেনীতে নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মো. সফিউল্যাহ (৬০) হত্যা মামলায় সোহেল হাওলাদার নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহম্মদ জানান, আলোচিত এ মামলার রায়ে আসামি সোহেলকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত রায় দেয়। গত বুধবার একই আদালতে এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। সফিউল্যাহ হত্যা মামলার অভিযুক্ত আসামি সোহেল, রাব্বি, রনি ও সাকিব। রাব্বি, রনি ও সাকিবকে শিশু আদালতে অভিযুক্ত করা হয়েছে।

ময়মনসিংহে প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় গ্রেফতার ২

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে প্রতিবন্ধী শিশু তানজিনা (৭) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। রবিবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪-এর অধিনায়ক ইফতেখার উদ্দিন জানান, শনিবার মধ্যরাতে হত্যার প্রধান আসামি ইয়াসিন আকনসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, মুক্তিপণের জন্য হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে আরো দুই-তিন জনের সম্পৃক্ততার কথা জানা গেছে। গ্রেফতারকৃত প্রধান আসামি ইয়াসিন আকন হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। উল্লেখ্য, গত শুক্রবার ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিন দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে তানজিনার (৭) লাশ উদ্ধার করে পুলিশ।

রংপুরে ধর্ষণের দায়ে এক জনকে যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের পীরগাছায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে ধর্ষক আবুল কালামের ওয়ারিশ ঘোষণাসহ সম্পত্তির ভাগ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ধর্ষকের যদি সম্পদ না থাকে তাহলে রাষ্ট্রকে শিশুর দায়িত্ব গ্রহণের আদেশ দেন। রবিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত (পীরগাছা) বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।

শ্রীরামকাঠীর কালিগঙ্গা নদীতে ফেরি সার্ভিস চালু

পিরোজপুর অফিস পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর ও নেছারাবাদের দৈহারীর মধ্যে ফেরি সার্ভিস চালু হয়েছে। শনিবার পিরোজপুরের হুলারহাট-শ্রীরামকাঠী-স্বরূপকাঠী সড়কের ১৪ কিলোমিটারে কালিগঙ্গা নদীর ওপর এ নতুন ফেরি সার্ভিস উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। ৩১ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ইতিপূর্বে সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে নির্মাণ করে। এর আগে কালিগঙ্গা নদীর দুই পাড়ে বিছিন্নভাবে হালকা যানবাহন চলাচল করত। এই ফেরি চালুর ফলে পিরোজপুর জেলা সদর থেকে ইন্দুরহাট বন্দরসহ নেছারাবাদের পশ্চিম পাড়ে একটি মাত্র ফেরির গাড়ি চলাচলের নতুন ও স্বল্প দূরত্বের সড়ক যোগাযোগ স্থাপিত হলো। ফেরি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুরের ইউএনও ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল হালদার প্রমুখ।

ফেনী আইনজীবী সমিতির নির্বাচনে নুর সভাপতি ও কিবরিয়া সম্পাদক

ফেনী প্রতিনিধি ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইনজীবী সমিতি ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নুর হোসেন সভাপতি এবং বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা পরিষদের গোলাম কিবরিয়া ভূঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. শামছুল হুদা, মো. আবদুস ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আক্তার রত্না, অডিটর মোহাম্মদ নোমান চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল ওহাব দুলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহম্মেদ এবং লাইব্রেরি সম্পাদক পদে এস এম নাজমুল হক নির্বাচিত হয়েছেন।

ওজোপাডিকোয় উপসহকারী প্রকৌশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান

খুলনা অফিস সরকারের ভিশন ও মুজিববর্ষের মধ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকায় শতভাগ বিদ্যুত্ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও গ্রাহকসেবা বৃদ্ধিকরণের লক্ষ্যে নতুন নিয়োগপ্রাপ্ত ৩০ জন উপসহকারী প্রকৌশলীকে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ রবিবার শেষ হয়।

সাতবাড়ীয়া ডিগ্রি কলেজে নির্মিত হচ্ছে উপজেলার সর্ববৃহত্ শহিদ মিনার

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরের সাতবাড়ীয়া ডিগ্রি কলেজে নির্মাণ করা হচ্ছে উপজেলার সর্ববৃহত্ শহিদ মিনার। পাবনা জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এ শহিদ মিনারটি নির্মাণ করা হচ্ছে। কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক বলেন, মিনারটি নির্মিত হলে এ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধা জানাতে পারবেন।