প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের বুধবারের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য এবং ডিসট্রিক্ট অব কলম্বিয়া (ডিসি) ছুটির দিনেও সতর্ক অবস্থানে ছিল। এদিকে জলবায়ু চুক্তি ও মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিলসহ প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতি বাতিলে শপথের দিনেই ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বাইডেন। অন্যদিকে ক্যাপিটল হিলে হামলায় বিদেশি সরকার, সংগঠন, গ্রুপ বা কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা তদন্ত করছে এফবিআই। খবর বিবিসি, রয়টার্স ও আলজাজিরার
গত সপ্তাহে ভয়াবহ দাঙ্গার পুনরাবৃত্তি ঠেকাতে ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ট্রাম্প সমর্থকরা ৫০টি রাজ্যের রাজধানীতে সশস্ত্র সমাবেশ করতে পারে বলে হুঁশিয়ারি করেছে এফবিআই। এই কঠোর নিরাপত্তার মধ্যেই গত শুক্রবার ডিসি থেকে এক অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছে এমন পরিচয়পত্র পাওয়া গেছে তা সরকারের ইস্যু করা নয়। নিরাপত্তা চৌকিতে তল্লাশি চালানোর সময় ঐ ব্যক্তির কাছ থেকে অন্তত একটি আগ্নেয়াস্ত্র ও ৫০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অ্যালন বিলার নামে ঐ ব্যক্তিকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। কর্তৃপক্ষ ওয়াশিংটনে নিরাপত্তা জোরদার করার মধ্যেই এই আটকের ঘটনা ঘটল। এছাড়া রাজধানী থেকে কয়েক মাইল দূর পর্যন্ত বহু রাস্তা কংক্রিটের ব্যারিকেড এবং ধাতব বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। অভিষেক অনুষ্ঠানে যে ন্যাশনাল মলে হাজার হাজার মানুষের সমাগম হতো, এই স্থানটি সিক্রেট সার্ভিসের অনুরোধে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংস্থাটি মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষায় বিশেষভাবে কাজ করে।
বাইডেনের দল ইতিমধ্যে আমেরিকানদের বলেছেন, তারা যেন কোভিড-১৯ মহামারির বিষয়টি মাথায় রেখে দেশটির রাজধানীতে ভ্রমণ এড়িয়ে চলেন। স্থানীয় কর্মকর্তারাও বলছেন, মানুষের উচিত হবে এই অভিষেক অনুষ্ঠান আলাদাভাবে দেখা। রবিবারকে ঘিরে বিক্ষোভ হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কারণ ট্রাম্পপন্থি ও ডানপন্থি অনলাইন নেটওয়ার্কগুলোর পোস্টে এই দিনেই সশস্ত্র বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। পরে কঠোর নিরাপত্তার দিকটি উল্লেখ করে কিছু মিলিশিয়া তাদের অনুসারীদের উপস্থিত না হওয়ার জন্য বলেছে। এদিকে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।
শপথের দিনেই ডজনখানেক নির্বাহী আদেশ :২০ জানুয়ারি শপথের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটাবেন জো বাইডেন। তার এক সহযোগী জানিয়েছেন, এ দিনেই বাইডেন আবাসন, শিক্ষার্থীদের ঋণ, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন ইস্যুতে ডজনখানেক নির্বাহী আদেশ জারি করছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক নীতিতে পরিবর্তন ঘটবে। এছাড়া মাস্ক পরাসহ করোনা বিধিনিষেধও জারি করছেন আদেশের মাধ্যমে। বুধবারই যুক্তরাষ্ট্র ফের প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরছে এবং কয়েক মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে। এছাড়া অভিবাসী নাগরিকদের নাগরিকত্ব দিতেও বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাইডেন।
তদন্ত করছে এফবিআই :এফবিআই জানিয়েছে, হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। বিশেষ করে হামলার কয়েক দিন আগে এক ফরাসি নাগরিক ডানপন্থি কিছু গ্রুপকে ৫ লাখ বিটকয়েন পাঠিয়েছিল। এফবিআইয়ের বর্তমান এবং সাবেক এক কর্মকর্তা এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন।
