পরাজিত প্রার্থীর বাড়িসহ একশ বাড়িঘর ভাংচুর লুট ও অগ্নিসংযোগ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:৪৪

সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান (৪৫) নিহতের ঘটনায় পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন বুদ্দিনের বাড়িসহ প্রায় শতাধিক বাড়িঘর ভাংচুর, লুটপাট ও বাড়িঘর দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিস্থিতি আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

কাউন্সিলর নিহতের জন্য শাহাদত হোসেন বুদ্দিন ও তার সমর্থকদের দায়ী করেছে নিহতের সমর্থকরা। ঘটনা তদন্তে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে তরিকুল ইসলাম খানের সমর্থকরা। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের প্লেকার্ড ও স্লোগানের মাধ্যমে শাহাদত হোসেন বুদ্দিনসহ আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি জানান।  এর আগে শনিবার রাতে কাউন্সিলর তরিকুল ইসলাম নিহত হওয়ার খবর শুনে বিক্ষুব্ধ জনতা সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডে অবস্থিত আব্দুস সালামের ৫ তলা বাসায় আগুন ধরিয়ে দেয়।  এতে বাড়ির মালিক সালামসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ভস্মীভুত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে নিহত কাউন্সিলরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শাহাদত হোসেন বুদ্দিনসহ ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হবে।

নিহত কাউন্সিলরের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বাদ আছর তরিকুল ইসলাম খানের  জন্মস্থান নতুন ভাংগাবাড়ী গ্রামে জানাযা শেষে রহমতগঞ্জ কবর স্থানে দাফন করা হয়।

গত ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলাম খান ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকে অংশগ্রহণকারী শাহাদত হোসেন বুদ্দিনের চেয়ে ৮৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।  নিহত কাউন্সিলর মো. তরিকুল ইসলাম খানের নতুন ভাঙ্গাবাড়ি গ্রামে তার পরিবার ও এলাকাবাসী এবং ঘটনাস্থল শহিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করে রাজশাহী রেঞ্চের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম বলেন, কাউন্সিলর খুনের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।