বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বুলা আহম্মেদ আর নেই। গতকাল রবিবার সকাল পৌনে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্বামী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বুলা আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, আইনমন্ত্রী আনিসুল হক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ। এছাড়াও শোক প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
জেপির শোক
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বুলা আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
