নিজ এলাকা মতলব উত্তর উপজেলার টরকীতে হাসপাতাল উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার দুপুরে হেলিকপ্টারে করে তিনি সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকীতে উপস্থিত হন। পরে তিনি তার বাবার নামে প্রতিষ্ঠিত আবদুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করেন। এ সময় জেনারেল আজিজ বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মতলবে এসেছি সেনাপ্রধান হিসেবে নয় মতলবের সন্তান হিসেবে বাবার নামের হাসপাতালটি উদ্বোধন করতে। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
সেনাপ্রধান আরো বলেন, করোনাকালীন সময়ে রাষ্ট্রের প্রয়োজনে যখন আমাদের সহযোগিতা চাওয়া হয় তখন আমরা জীবনকে বাজি রেখে সমগ্র দেশে কাজ করেছি। দেশের যে কোনো প্রয়োজনে সরকারের দেওয়া দায়িত্ব পালনে আমরা সর্বদা প্রস্তুত।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু একটি রাজনৈতিক বিষয়, বিষয়টি নিয়ে আমাদের সরকার মানবিকতার, আন্তরিকতার ও দায়ত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ নির্বাচনি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুর আমিন রুহুল, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা মজলিশ খান, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুরের সিভিল সার্জন শাখাওয়াত উল্যাহ, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবক আনিস আহমেদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এম ইসফাক আহসান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুশরাত জাহান মিথেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস, ওসি নাছির উদ্দিন মৃধাসহ সেনাবাহিনী, প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্যরা।
