বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু আজ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:৪৮

চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বিকাল সাড়ে ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ৩০ ডিসেম্বর এই অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশন খ্রিষ্টীয় নতুন বছর ২০২১ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনটিকে সাধারণত শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে। এই অধিবেশনের আজ প্রথম বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণ ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে। রাষ্ট্রপতির ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যত্ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির ভাষণের পর আজকের বৈঠক মূলতবি করা হবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে, সেই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। করোনার কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের এবারও অধিবেশনে যোগদানের ক্ষেত্রে নিরুত্সাহিত করা হয়েছে।

অধিবেশনে যেসব সংসদ সদস্য যোগ দেবেন, তারা প্রত্যেকে নতুন করে করোনার পরীক্ষা করিয়েছেন। যাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ, তারা সবাই আজ প্রথম বৈঠকে অংশ নিতে পারবেন। পরবর্তী কার্যদিবসগুলোতে আগের মতো পালা করে অংশ নেবেন সংসদ সদস্যরা। সংসদ অধিবেশন কাভারকারী সাংবাদিকদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। বাকি কার্যদিবসগুলোর সংবাদ সংসদ বাংলাদেশ টেলিভিশন দেখে সংগ্রহের অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাশ হওয়ার কথা রয়েছে। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে করোনার কারণে এই অধিবেশনও সংক্ষিপ্ত হবে। ১২ থেকে ১৪ কার্যদিবস অধিবেশন চলতে পারে বলে জানা গেছে।