টেকনাফে পাঁচ লক্ষাধিক ইয়াবা উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:৫০

টেকনাফে ৫ লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার ২বিজিবি ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন গতকাল ভোরে দমদমিয়া দিয়ে মিয়ানমার থেকে বড় ধরনের একটি মাদকের চালান ঢুকবে। এ সংবাদ পাওয়ার পর দমদমিয়া বিওপির জওয়ানেরা অভিযানের জন্য তৈরি হন। কিছুক্ষণ পর নাইট ডিভাইস দ্বারা পর্যবেক্ষণে দেখা যায়, নাফ নদীর মধ্যবর্তী লালদ্বীপ থেকে একটি কাঠের নৌকা নিয়ে তিন-চার জন জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। এ সময় বিজিবি চারদিক থেকে ঘেরাও করে অভিযানে               নামলে মাদক কারবারিরা নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তখন বিজিবি আত্মরক্ষার্থে পালটা গুলি ছুড়লে মাদক কারবারিরা গুলিবিদ্ধ অবস্থায় নদীতে লাফ দেয়। তখন তাদের ব্যবহূত কাঠের নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তায় ৫ লাখ ২০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি লম্বা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মাদক বহনে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।