বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ২০ ভারতীয় বংশোদ্ভূত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:৫০

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রে। ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শপথ নেবেন তিনি। এনডিটিভি জানায়, আমেরিকায় এবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখা যেতে পারে কমপক্ষে ২০ জন ভারতীয়কে। তাদের মধ্যে মহিলা ১৩ জন, পুরুষ সাত জন। ১৭ জন হোয়াইট হাউজের ভেতর গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। আমেরিকার মোট জনসংখ্যার ১ শতাংশ ভারতীয় হলেও আগের কোনো সরকারে এক সঙ্গে এত জন ভারতীয়কে দেখা যায়নি। ভারতীয়দের পাশাপাশি হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন পাকিস্তান বংশোদ্ভূত          আলি জাইদি, বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিকি ও শ্রীলঙ্কান-আমেরিকান রোহিনি কোসোগ্লু। বাইডেনের শপথ গ্রহণের পর তারা পদ পাবেন কি না—তা নির্দিষ্ট হয়ে যাবে।

এই তালিকায় প্রথমেই রয়েছেন বনিতা গুপ্ত। বিচার বিভাগের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে তাকে মনোনীত করেছেন বাইডেন। প্রাক্তন ফরেন সার্ভিস কর্মকর্তা উজরা জেয়াকে বিদেশ দপ্তরের আন্ডার সেক্রেটারি মনোনীত করা হয়েছে। ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মালা আদিগা। গরিমা বর্মা ফার্স্ট লেডির দপ্তরের ডিজিটাল ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি পদে এসেছেন সাবরিনা সিংহ। সার্জন জেনারেল হিসেবে মনোনয়ন করা হয়েছে বিবেক মূর্তিকে। কাশ্মীরি বংশোদ্ভূত আয়েশা শাহ হোয়াইট হাউজ ডিজিটাল স্ট্র্যাটেজি বিভাগের পার্টনারশিপ ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন। সমীরা ফজিলি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর পদটি পেতে পারেন। ভরত রামমূর্তি হোয়াইট হাউজ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। গৌতম রাঘবন প্রেসিডেনশিয়াল পারসোনেল দপ্তরের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন। বিনয় রেড্ডি বাইডেনের বক্তৃতা লেখার দায়িত্ব পাচ্ছেন। বাইডেনের অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি হচ্ছেন বেদান্ত পটেল। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে তিন ভারতীয় জায়গা পেতে চলেছেন। হোয়াইট হাউজের জলবায়ু নীতি নির্ধারণ বিভাগের সিনিয়র উপদেষ্টা হচ্ছেন সনিয়া অগরওয়াল। হোয়াইট হাউজ কোভিড রেসপন্স টিমের নীতি উপদেষ্টা হচ্ছেন বিদুর শর্মা। হোয়াইট হাউজ কাউন্সিলে দুই মহিলা নেহা গুপ্ত এবং রিমা শাহকে নিযুক্ত করা হয়েছে।