পিরোজপুর জেলা কারাগারে হত্যা মামলায় অভিযুক্ত অনিমেষ হালদার (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। অনিমেষ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের মনমথ হালদারের ছেলে এবং পত্তাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বুকে ব্যথা ওঠার পর অনিমেষকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানেই চিকিত্সাধীন সে মারা যায়।
গত বছরের ২৭ জুলাই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধুসূদন হালদারের স্ত্রী গোলাপী রাণী হালদারকে (৬৫)। এ ঘটনায় ইন্দুরকানী থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। এরপর ৩০ জুলাই নিহত গোলাপী রাণীর স্বামী মধুসূদন বাদী হয়ে অনিমেষ এবং একই ওয়ার্ড যুবলীগের সংগঠনিক সম্পাদক আল আমিন বাবুকে (২২) আসামি করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করে।
