গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দেওয়া হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) প্রটোকল জমা দেওয়া হয়। এর মাধ্যমে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অ্যাপ্রুভাল বা ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হলো। গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ এটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্লোব বায়োটেকের পক্ষে তাদের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন) এ প্রটোকল জমা দেয়।’ বিএমআরসিতে ২০টি ফাইলে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা দেওয়া হয়। আবেদনে একসঙ্গে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে।
গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ গ্লোব বায়োটেকের কর্মকর্তারা বেলা সাড়ে ১১টার দিকে বিএমআরসিতে আসেন। পুরো প্রটোকলসহ প্রায় ১০ হাজার পৃষ্ঠার আবেদন জমা দেন তারা। আর বিএমআরসির পক্ষে একজন সহকারী পরিচালক তাদের আবেদন গ্রহণ করেন।
ড. আসিফ মাহমুদ জানান, তাদের পক্ষে সিআরও লিমিটেড নামের একটি কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়ালের কাজটি করবে। আর অনুমোদন হলে একটি সরকারি হাসপাতালে এই ট্রায়াল দেওয়া হবে। গত ২৮ ডিসেম্বর গ্লোব বায়োটেককে পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনা ভাইরাসের টিকা উত্পাদনের অনুমতি দেওয়া হয়। শুরুর দিকে গ্লোবের এই টিকার নাম ব্যানকোভিড থাকলেও সেটি পরিবর্তন করে বঙ্গভ্যাক্স নাম রাখা হয়।
