ঢামেকে এক ইন্টার্ন চিকিত্সকের ওপর হামলার অভিযোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০০:২১

ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) রোস্টার দায়িত্ব নিয়ে কথা বলার অজুহাতে এক ইন্টার্ন চিকিত্সককে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকা মেডিক্যাল শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদ ও ইন্টার্ন চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার খানের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন ইন্টার্ন চিকিত্সক এ এস এম আলী ইমাম। গত বৃহস্পতিবার রাতে মারধরের এ ঘটনায় আলী ইমামের পা ভেঙে যায়।

ভুক্তভোগী আলী ইমাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইন্টার্ন চিকিত্সকদের রোস্টার নিয়ে কথা হবে জানিয়ে ফজলে রাব্বি হলের ক্যান্টিনের পেছনে পুকুরপাড়ে আমাকে ডাক দেয় ইন্টার্ন চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান। সেখানে কথা বলার একপর্যায়ে একজন জুনিয়র আমাকে পেছন থেকে লাথি মারে। লাথি খেয়ে পড়ে যাওয়ার পর জাকিউল ইসলাম ফুয়াদ, শাহরিয়ার খানের নেতৃত্বে সবাই আমাকে মারতে থাকে। আল আমিন গেটের বাইরে পাহারায় থাকে যাতে কেউ আমাকে রক্ষা করতে না পারে। আমাদের কয়েক জন ব্যাচ মেট ঢুকতে চেয়েছিল। কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আলী ইমাম জানান, তিনি ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক কমিটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ সেপ্টেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বিভিন্ন সময় অনেককে আঘাত করা হয়েছে, অনেককে হল থেকে বের করে দেওয়া হয়েছে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে ইন্টার্ন চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার খান বলেন, এ এস এম আলী ইমামকে রোস্টার দায়িত্বে মেডিসিন না দেওয়ায় তিনি আমার ওপর ক্ষেপে যান এবং ঐদিন রাতে ‘কথা আছে’ বলে পাশে ডেকে নিয়ে হঠাত্ আমার ওপর আক্রমণ করে। পরে আমার সহকর্মীরা এসে আমাকে উদ্ধার ও তাকে মারধর করে।

মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদ বলেন, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। ইন্টার্ন চিকিত্সকদের ঝামেলা। আমরা সেটা সমাধান করতে গিয়েছিলাম।