রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে উচ্চমাধ্যমিক পাশ করা এক ভুয়া এমবিবিএস চিকিত্সককে আটক করেছে পুলিশ। আটককৃত ভুয়া চিকিত্সকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তির বাপের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। সোমবার বিকাল ৪টায় উপজেলার পথেরহাটস্থ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মার্কেট থেকে তাকে আটক করা হয়। এই সময় তার চেম্বার থেকে ব্যবস্থাপত্র, ভিজিটিং কার্ড জব্দ করা হয়। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর সিকদার বলেন, তিনি এমবিবিএস পাশ করা চিকিত্সক না হয়েও দীর্ঘ কয়েক বছর ধরে ‘নোয়াপাড়া আধুনিক খত্না সেন্টার’ নামে চেম্বার খুলে চিকিত্সা করে আসছিলেন। রাঙ্গুনিয়া সার্কেলের (রাউজান-রাঙ্গুনিয়া) সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, প্রতারণার দায়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, তার বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
