রোনালদোদের হতাশার রাত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৯

মৌসুমের প্রথম ইতালীয়ান ডার্বিতে জুভেন্তাসকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। অন্যদিকে প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। রবিবার ইতালীর সবচেয়ে সফল দুই দল মুখোমুখি হয়েছিল সান সিরোতে। আর অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের সবচেয়ে সফল দুই দল। কিন্তু এই দুই ‘ব্লকবাস্টার’ ম্যাচ যতটা রোমাঞ্চ ছড়ানোর আভাস দিচ্ছিল, ততটা রোমাঞ্চ ছড়ায়নি শেষ পর্যন্ত। অ্যানফিল্ডে লিভারপুল-ইউনাইটেডের ম্যাচ তো পেলো না কোনো গোলের দেখাই। তবে অ্যানফিল্ডের গোলশূন্য ড্রতে উপকার হয়েছে ম্যানচেস্টারের দুই দলেরই। ইউনাইটেড যেমন ধরে রেখেছে লিগ টেবিলে তাদের শীর্ষস্থান, ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে ওঠে গিয়েছে ম্যানচেস্টার সিটি। এবারের ইতালীয়ান ডার্বিটি এক অর্থে ছিল গুরু-শিষ্যের লড়াইও। এ লড়াইয়ে পরিষ্কার ব্যবধানে জয়ী হলো গুরুই। আন্দ্রেয়া পিরলোর জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে পিরলোর একসময়কার কোচ অ্যান্তোনিও কন্তের ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল করেছেন সাবেক জুভেন্তাস তারকা আর্থুরো ভিদাল ও মিডফিল্ডার নিকোলো বারেলা।