বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘ভবিষ্যতে কোম্পানীগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি নিজের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোম্পানীগঞ্জে মাস্তানি চলবে না, মারামারি-হানাহানি চলবে না। সাবধান করে দিচ্ছি, কোনো অস্ত্রবাজি চলবে না, কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। বসুরহাট বাজারের ১৫-২০টা ব্যবসায়ী সংগঠন আছে, সেই সংগঠনের নেতা নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে। আগের মতো ওমুককে সভাপতি, তমুককে সাধারণ সম্পাদক হিসেবে সিলেকশন করা হবে না।
কাদের মির্জা বলেন, ‘আপনাদের নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করব। আমাদের দাবি হচ্ছে গ্যাস। এই গ্যাস বসুরহাট পৌরসভাসহ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় দিতে হবে, আমাদের ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে। কোম্পানীগঞ্জে ৫০০ জন ও কবিরহাট উপজেলায় ৫০০ জনকে চাকরি দিতে হবে। তবে সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে, সেই চাকরি আমার নেত্রী দিবে। আমি মন্ত্রী মহোদয়কে বলেছি, চরবালুয়া থেকে সন্দ্বীপ পর্যন্ত ক্রস ড্যাম নির্মাণ করতে হবে। সন্দ্বীপ থেকে ভূমিদস্যুরা এসে আমাদের হাজার হাজার একর জমি দখল করে নিচ্ছে।’ আবদুল কাদের মির্জা আরো বলেন, ‘আমি গতকাল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও মোশাররফ হোসাইনের সঙ্গে দেখা করেছি। ওনারা আমাকে কোম্পানীগঞ্জে সব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাদের বলেছি, তাদের দলের যাদের কাছে অস্ত্র আছে তা পানিতে ফেলে দিতে।’
তিনি গতকাল সোমবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে ভোটারদের সঙ্গে নির্বাচনোত্তর কুশল বিনিময়কালে এসব কথা বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে এবং চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় কুশল বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়, তারা এলাকাছাড়া হয়, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়, তারা এলাকাছাড়া হয়। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
নোয়াখালীর এক এমপিকে ইঙ্গিত করে বলেন, ‘ঐ এমপি চাকরি বাণিজ্য করে, টেন্ডার বাণিজ্য করে, সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে এবং নানা অনিয়মের সঙ্গে সে জড়িত। পুলিশ প্রশাসন এসব অপকর্মের সহযোগিতা করে।’
