ভাঙনে পড়া তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দুটি আসনে লড়াই করবেন মমতা ব্যানার্জি। আসন দুটি হলো-পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর। গতকাল সোমবার নন্দীগ্রামের তেখালিতে এক জনসভায় এই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম পরিচালিত সরকারকে নড়বড়ে করে দিয়েছিল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। সেই আসনে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন মমতার ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারি। কয়েকদিন আগে দলবদল করে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন আরো কয়েকজন এমপি ও এমএলএ। সেই নন্দীগ্রাম ধরে রাখতে মরিয়া মমতা। শুভেন্দু অধিকারি মমতাকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, উনি যেখানেই দাঁড়ান না কেন, ৫০ হাজার ভোটে হারাবো। না পারলে রাজনীতি ছেড়ে দেবো। মমতার দুই কেন্দ্রে দাঁড়ানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কেউ বলছেন, দাবার প্রথম চালে বিজেপিকে বেকায়দায় ফেলেছেন মমতা। পালটা বিজেপির শমিক ভট্টাচার্য বলেছেন, ভবানীপুরে পালটা চমক দেবে বিজেপি। সিপিএমএর সুজন চক্রবর্তী বলেছেন, মমতা ভবানীপুরে জিততে পারবেন না। তাই নন্দীগ্রাম থেকে লড়তে চাইছেন। এটা মমতার হার স্বীকার।
