সময়ের বিবর্তনে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী অনেক খাবার হারিয়ে গেছে। তবে কেউ কেউ হয়তো হারিয়ে যাওয়া খাবারের স্বাদ আজও ভুলতে পারেননি। তাই এমন হারিয়ে যাওয়া চারটি আঞ্চলিক খাবারের রেসিপি নিয়ে এবারের আয়োজন। রেসিপি ও ছবি দিয়েছেন আঞ্জুমান আরা রোজী
চট্টগ্রাম
পোড়া তিত বেগুন ভর্তা
উপকরণ :তিত বেগুণ ২৫০ গ্রাম, বেগুন মাঝারি ১টি, শুকনা মরিচ ৪টি, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, ধনিয়া পাতা কুঁচি ২ টেবিল চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :প্রথমে বেগুনের গায়ে কাঁটা চামচ দিয়ে কেঁচে নিয়ে চুলার আগুনে বেগুন পুড়িয়ে নিন। বেগুনের চারপাশ সমানভাবে পুড়ে গেলে সাবধানে বেগুন তুলে বেগুনের বোঁটা ফেলে চামড়া ছাড়িয়ে নিন। এখন বেগুন ঠাণ্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চটকে নিন। শুকনা মরিচ টেলে নিয়ে লবণ দিয়ে মরিচ এবং পেঁয়াজ ভালো করে ডলে নিন। এরপর এই পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল ও বেগুন একসঙ্গে মিশিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার পোড়া তিত বেগুনের ভর্তা।
নোয়াখালি
ছানার মুইঠা ভুনা
উপকরণ :মুইঠার জন্য :ছানা ৫০০ গ্রাম, ময়দা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুঁচি ১ টেবিল চামচ।
গ্রেভির জন্য :নারকেল বাটা ১ কাপ, গোটা জিরা আধা চা চামচ, ধনে বাটা আধা চা চামচ, ধনে পাতা বাটা ১ চা চামচ, তেঁতুলের মাড় ১.৫ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চামচ, গোটা কাঁচা মরিচ ২টি, লবণ স্বাদমতো, তেল ২ কাপ।
প্রণালি :ছানার সঙ্গে মুঠো বানাবার সকল উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে হাতের মুঠোয় চেপে লম্বাটে আকার দিয়ে অল্প তেলে মাঝারি আঁচে ভেজে তুলতে হবে। গ্রেভির জন্য প্রথমে প্যানে তেল ব্রাশ করে একে একে নারকেল বাটা, গোটা জিরা, ধনে বাটা ও ধনেপাতা বাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। সামান্য গরম পানি দিয়ে নেড়েচেড়ে সব শেষে তেঁতুলের মাড় ছড়িয়ে চুলা বন্ধ করতে হবে। অন্য একটি পাত্রে তেল গরম করে গ্রেভির বাকি সকল উপাদান একে একে দিয়ে ভুনে নিতে হবে। এবার এতে নারকেলের মিশ্রণ ঢেলে সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ছানার মুঠোগুলো দিয়ে ঢেকে রাখতে হবে। ১০ মিনিট পর মুঠোগুলো উল্টে দিতে হবে। মসলা মুঠোর গায়ে গায়ে লেগে আসলে চুলা বন্ধ করতে হবে।
বাগেরহাট
তালের আঁটির নারকেলি মোরব্বা
উপকরণ :অঙ্কুরিত তালের আঁটি ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, নারিকেলের দুধ ৫০০ গ্রাম, এলাচ ২টি, দারুচিনি ২টি।
প্রণালি :অঙ্কুরিত তালের আঁটির সাদা শাঁস মাঝখান থেকে ফেড়ে নিন। প্যানে ২৫০ গ্রাম চিনি দিয়ে তালের আঁটি ক্যারামেলাইজড করে নিন। এবার এতে নারকেল দুধ দিয়ে এলাচ ও দারুচিনি দিন। দুধ ঘন হয়ে আসলে চুলা বন্ধ করুন। ডিশে সাজিয়ে পরিবেশন করুন।
বরিশাল
মলিদা
উপকরণ :পোলাও চাল বাটা ১ কাপ, নারিকেল বাটা ২ টেবিল চামচ, ভিজিয়ে রাখা চিড়া আধ কাপ, ঠাণ্ডা তরল দুধ ২ কাপ, ডাবের পানি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, চিনি আধ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।
প্রণালি :পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
