আনুশকাকে অনুসরণ করছেন কারিনা!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:২৩

 বিনোদন ডেস্ক

ক’দিন আগেই ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড নায়িকা আনুশকার ঘরে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আনুশকা। খবরটি ছড়িয়ে পড়তেই অভিনন্দনের ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি কোহলি-আনুশকা কন্যার ভুয়া একটি ছবি নিয়েও তোলপাড় শুরু হয়। তবে সে সময়ই নিজেদের সন্তানের বিষয়গুলো গোপন রাখতে সকলের সহযোগিতা চান এই দম্পতি। মিডিয়া থেকে আপাতত দূরেই রাখতে চান তাদের সন্তানকে। তাই এখন পর্যন্ত প্রকাশ করেননি মেয়ের ছবি। এমনকি হাসপাতালের সিকিউরিটিদের বলে রেখেছেন কোনো আত্মীয় এলেও যেন ছবি তুলতে দেওয়া না হয়।

এবার শোনা যাচ্ছে, কোহলি-আনুশকার দেখানো পথেই হাঁটতে যাচ্ছেন নবাব পত্নী কারিনা কাপুর খান! ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিজেদের দ্বিতীয় সন্তানকে মিডিয়া থেকে দূরে রাখতে চান কারিনা-সাইফ দম্পতি। এ ক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান। আর এই খবরটি প্রকাশ হতেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, আনুশকার পথে হাঁটছেন কারিনা। কারণ আনুশকার এই উদ্যোগ দারুণ আলোচিত হয়েছে এবং এ ক্ষেত্রে তারা সফল বলেই কারিনা তাদের অনুসরণ করতে চলেছেন। যদিও কারিনা তার প্রথম সন্তানকেও আড়ালে রাখার চেষ্টা করেছিলেন।