>> জাহিদ হাসান দিপু
দ্য আর্থ সোসাইটির আয়োজনে এবং ডাইভারসিটি ফর পিস ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল অনলাইন পিস উইকের প্রথম আয়োজন অনলাইন পিস কনফারেন্স। দিনব্যাপী এ আয়োজনের শুরুতেই দ্য আর্থ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মাদ মামুন মিয়া বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের পিটিআইবি প্রোজেক্ট ম্যানেজার রবার্ট স্টলম্যান তার বক্তব্যে আমাদের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী দৈনন্দিন জীবনে যেসব বাধার সম্মুখীন হচ্ছে সেগুলো প্রশমনে তরুণদের ভূমিকা তুলে ধরেন। নিজেরা করি’র সেক্রেটারি, মানবাধিকারকর্মী ও ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশের কো-অর্ডিনেটর খুশি কবির বলেন, ‘আমাদের সমাজের প্রতিটি মানুষেরই একে অপরের প্রতি চিন্তার মাঝে পরিষ্কার ধারণা থাকা দরকার। একটি পরিবারে যেমন প্রতিটি সদস্যের চিন্তা-চেতনা এক হয় না; ঠিক তেমনি আমাদের সকলেরই বোঝা উচিত যে আমাদের সমাজের প্রতিটি মানুষের চিন্তা-চেতনাও ভিন্ন ভিন্ন হবে। আমাদের সকলেরই উচিত আদিবাসীদের সম্মান রক্ষার পাশাপাশি তাদের প্রথাগত অধিকারও নিশ্চিত করা।’ সেইভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তায়াবুল বাশার বলেন, ‘সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আন্তঃধর্মীয় সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমাদের প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যকীয়।’ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ পিস কনফারেন্সে সমাজ গঠনে শান্তি ও সহিষ্ণুতার প্রচার ও প্রসারের জন্য তরুণরা কীভাবে এগিয়ে আসতে পারে সেই বিষয়ে আলোচনা করেন। সবশেষে দ্য আর্থ সোসাইটি কর্তৃক আয়োজিত একটি পিস বিল্ডিং জরিপে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়।
