ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের আর্থিক হিসাব নিরীক্ষায় বিশেষ নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশন একটি অডিট ফার্মকে নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে কোম্পানিটিতে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রতিষ্ঠানটির পরিচালকেরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া শত শত কোটি টাকার ঋণ বের করে নিয়েছেন। আবার ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) গাড়ি-বাড়ি কিনতে অনুমোদন ছাড়া ঋণ নিয়েছেন। এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদে বলেন, উত্তরা ফাইন্যান্সের আর্থিক কেলেঙ্কারির উদ্ঘাটনে বাংলাদেশ ব্যাংকের একটি বড় ভূমিকা আছে। তবে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির কারণে বিএসইসিরও কিছু দায়িত্ব আছে। এই জন্য কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ দিয়েছে কমিশন।
