জান-ই-আলম
সীমানা দড়ির পাশে বিজ্ঞাপনের বোর্ডগুলো লাগানো হচ্ছে। বৃত্তাকার আকৃতিতে মাঠের ঘাস কাটা হয়েছে। পাঁচ নম্বর উইকেটটা প্রস্তুত করেছেন কিউরেটর গামিনি ডি সিলভা। গতকাল কুয়াশাচ্ছন্ন সাঁঝের আগে ব্রডকাস্ট চ্যানেলের কর্মীদের ব্যস্ততা ছিল লক্ষণীয়। গ্যালারির অঙ্গসজ্জা চলছে, আর ১০টা সিরিজের মতোই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক সিরিজের আবহ বিদ্যমান।
তবে অতিমারি করোনার ছোবলও স্পষ্ট ছিল। যেমনটা দুই দল থাকছে জৈব সুরক্ষা বলয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন হয়েছে অনলাইনে। সাজসজ্জা হলেও মাঠের প্রাণ দর্শকদের প্রবেশাধিকার নেই বলে গ্যালারির সিটগুলো শূন্যই পড়ে থাকবে। করোনায় স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বের অংশ হিসেবে প্রেসবক্সে সাংবাদিকদের আসন সীমিত করা হয়েছে। শহীদ জুয়েল স্ট্যান্ডে অস্থায়ী প্রেসবক্সও বানানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে থাকছে অনেক নতুনের সমাহার। আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজ দিয়েই আইসিসি ওডিআই সুপার লিগে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। করোনার কারণে প্রায় ১০ মাস তথা ৩১৪ দিন বিরতির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। মাশরাফি বিন মুর্তজার যুগ পেরিয়ে ওয়ানডেতে শুরু হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বের অধ্যায়।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
শীর্ষ ১২ ক্রিকেটারকে ছাড়াই এসেছে উইন্ডিজরা। তুলনামূলক কম শক্তিধর হলেও জেসন মোহাম্মেদের দলটার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ওপর জয়ের চাপটা আগের মতোই থাকছে। কারণ ওডিআই সুপার লিগ। ১৩ দলের লিগ শুরু হয়েছে ২০২০ সালের জুলাইয়ে, শেষ হবে ২০২৩ সালের মার্চে। এই লিগ থেকে সাতটি দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলার টিকিট পাবে, সঙ্গে স্বাগতিক ভারতও। বাছাই পর্বের ধাক্কা এড়িয়ে বিশ্বকাপে খেলতে হলে সুপার লিগ শেষে শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। তাই প্রতিপক্ষ যেমনই হোক, প্রতিটি ম্যাচই হবে গুরুত্বপূর্ণ।
গতকাল সংবাদ সম্মেলনে তামিমও বললেন, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে তো সবসময়ই জেতার চাপ অবশ্যই থাকে। এখন থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা খুব বেশি হলে ২৭-২৮টা (আসলে ৩৩টা) ওয়ানডে খেলব। আমাদের জন্য পয়েন্ট সিস্টেমের জন্য প্রত্যেকটা ম্যাচ জেতাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চাইব যাতে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে। আমরা যাতে টপ এইটে থাকতে পারি। আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কোন দল আসছে, কারা খেলছে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’
২০২৩ বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে আজ প্রথম ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে প্রিয় তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান। চারে খেলতে হবে এই বাঁহাতিকে। ওপেনার সৌম্য সরকারকে খেলতে হবে সাত নম্বরে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ‘নতুন শুরু’টা জয়ের আবিরে রাঙানোর চ্যালেঞ্জটাই তামিমের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা হতে যাচ্ছে।
