বসুন্ধরা ও আবাহনীর জয়

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

একটা সময় আবাহনী-ব্রাদার্স মানেই ছিল বাড়তি উত্তেজনা। এই ম্যাচ দেখার জন্য স্টেডিয়াম ভরা মর্ধকও ছিল। এখন আবাহনী-ব্রাদার্স নামেই ম্যাচ। গ্যালারিতে উত্তেজনা নেই। তারপরও গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শীত উপেক্ষা করে কিছু দর্শক খেলা দেখলেন। আবাহনী ২-০ গোলে ব্রাদার্সকে হারাল। ৩৩ মিনিটে পেনাল্টি হতে ব্রাজিলিয়ান ফ্রান্সিকো রদ্রিগেজ গোল করেন ১-০, ৪০ মিনিটে হাইতির বেলফোর্ট গোল করেন ২-০। প্রথম খেলায় আবাহনী ১-০ গোলে পুলিশকে হারিয়েছিল। দ্বিতীয় হার ব্রাদার্সের।

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেলে প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন সিলভার জোড়া গোলে বসুন্ধরা কিংস (২-১) পুলিশকে হারিয়েছে। পুলিশের গোলটি করেন ল্যানসিন তোরে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লিগের প্রথম ম্যাচে ২-০ গোলে উত্তর বারিধারাকে হারায়। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কাল পুলিশের বিপক্ষে খুব সহজেই জয় পায়নি। ড্রয়ের প্রবল সুযোগও ছিল পুলিশের। কিন্তু ভাগ্য ভালো ছিল না। ২-১ গোলে পিছিয়ে থাকা পুলিশের এম এস বাবলু ওপেন নেট পেয়েও গোল করতে পারেননি। ড্র করার সবচেয়ে ভালো সুযোগ নষ্ট করেছেন বাবলু।

বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ ফুটবলে যেমনটা খেলেছে সেই ধার কিছুটা হলেও কম। লিগের খেলাটা একটু ভিন্ন রকম। ফেডারেশন কাপ ফুটবল হচ্ছে টুর্নামেন্ট আর লিগ হচ্ছে লম্বা পথের লড়াই। ম্যাচ হারলে শিরোপা দৌড়ে পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বসুন্ধরা কিংস সবকিছু মাথায় রেখে লড়াইয়ে এগিয়ে যাচ্ছে। দুই খেলায় ৬ পয়েন্ট তুলে নিয়েছে। দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন দেখছেন দিন শেষে হিসাবের খাতায় কি লেখা হচ্ছে। দুই ম্যাচ ৬ পয়েন্ট, এটা ব্রুজনের কাছে সবচেয়ে বড় হিসাব। অন্যদিকে পুলিশের কোচ ঢাকার সাবেক ফুটবলার পাকির আলী মনে করছেন, সামনে আরো খেলা আছে। জয় নিয়ে মাঠ ছাড়বে পুলিশ। এখন লিগের বড় বাধাগুলো কেটে যাচ্ছে।

আজকের খেলা :

শেখ রাসেল ও রহমতগঞ্জ। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।